গফরগাঁওয়ে মশাখালী ইউনিয়ন বিএনপির বিশাল জনসমাবেশ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ময়মনসিংহ -১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, পরিবার ভিত্তিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, প্রয়োজনীয় কৃষি সহায়তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল চারটায় মশাখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত মুখী পল্লীসেবক উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ডের প্রচারণা ও আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনম্পৃক্ততামূলক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সমাজের দরিদ্র ও নিম্নআয়ের পরিবার, কৃষক এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও এলাকার অনেক উন্নয়নকাজ অবহেলিত ছিল। বিগত ১৭ বছরে যেসব উন্নয়নমূলক কাজ প্রত্যাশিতভাবে হয়নি, গত প্রায় সাত মাসে সেসব কাজ নতুন করে শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন । প্রতি ইউনিয়নের দলের একাধিক প্রার্থী রয়েছে । তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যার জনপ্রিয়তা বেশি তাকে দলীয় ভাবে সমর্থিত করা হবে। এবং তাকেই
বিপুল ভোটে বিজয়ী করতে হবে ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি বাচ্চু বলেন, ওই সময়ে সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। তাদের অত্যাচারে শত শত নেতা-কর্মী নিহত হয়েছেন, অনেকে গুমের শিকার হয়েছেন ।

মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন- গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: ইসহাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মীর আখলাকুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ চেয়ারম্যান, সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম সহ গফরগাঁও-দক্ষিন গফরগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসমাবেশে ইউনিয়ন নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!