রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
গফরগাঁও- ময়মনসিংহ রুটে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে এ রুটে ট্রেন চলাচল পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি এলাকায় পৌঁছতেই এই ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে ট্রেন চলাচল চালু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশন হয়ে সুতিয়াখালি এলাকায় পৌঁছতেই ট্রেনটির ইঞ্জিনের সাথে ক বগি ও খ বগি দুইটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক ট্রেনটি আবারও পেছনের দিকে নিয়ে যায়। পরে ট্রেনের কর্মীরা বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেনের বগি দুইটি সংযুক্ত করে। সংযুক্ত করার পর ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
####