গফরগাঁও বাজারে তিনটি তুলার দোকানসহ ৫ দোকানে আগুনঃ ২৫ লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি তুলার দোকানসহ ৫ দোকান আগুনে পুড়ে গেছে। এতে দোকানগুলোর তুলাসহ অন্যান্য মালামাল ও ব্যবসায়িক সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা হতে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে গফরগাঁও ষ্টেশন রোডস্থ সাহাবাড়ি পুকুর পাড় সংলগ্ন টিনের মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির অভি আলম জানান, মাগরিব নামাজের সময় বাজারে সাহাবাড়ি পুকুর পাড় সংলগ্ন টিনের মার্কেটে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় বৃষ্টির শুরু হলে প্রচন্ড বৃষ্টির মধ্যে স্থানীয়রা পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

আগুনের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- জনি, রুবেল, রনি, বানশা ও তাশাররফ। তাদের মধ্যে জনি, রুবেল ও রনির তুলা ও ফার্নিচার দোকান এবং বানশার ঔষধি দোকান ও তাশাররফের ওয়েল্ডিংয়ে দোকান রয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়া কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও মালামাল পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে দ্রুত তারা সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী গফরগাঁও বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!