রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার দাবি ও জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট) বিকাল ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় জামতলা মোড়ে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামতলা মোড় সামনে থেকে বিশাল গণমিছিল শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরাই সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহে জেলা জামায়াতে ইসলামীর মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান পাঠান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা একরাম উল্লাহ।
গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেলের
সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ এখলাস উদ্দিন,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাইন উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাহমুদুল হাসান ও জামায়াত নেতা মোফাজ্জল আনসারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান পাঠান বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করার সুযোগ নেই। সরকারকে জুলাই সনদের নয় দফা ও গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে এ রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, ‘জুলাই সনদের নয় দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের কোনো বিকল্প নেই। ’
বিশেষ অতিথির বক্তব্যে একরাম উল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।
সভাপতির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে পুনরায় কোনো স্বৈরাচারের সুযোগ থাকবে না এবং এ রায় বাস্তবায়ন করা বর্তমান সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি।
সরকারকে উদ্দেশ করে সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিএনপি সরকার গঠনের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে জনজীবন অতিষ্ঠ। আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, না হলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পরিণতি করবে।
#####