ধোবাউড়ায় বালুভর্তি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে নদীতে: যানচলাচল বন্ধ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর উপর বালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ।

রোববার (৭ জুন) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে ধোবাউড়াগামী সড়ক দিয়ে উপজেলার যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ধোবাউড়া উপজেলার বাসিন্দাদের জেলা শহরের সাথে যোগাযোগের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে হালুয়াঘাট দিয়ে চলাচল করছে জরুরি যানগুলো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ সেতুটি ঝুঁকিপূর্ণ। তিন দিন ধরে মেরামত কাজও চলছিল। এরই মাঝে অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি সেতুতে উঠলে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেইন বলেছেন, ‘সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয়রা অভিযোগ করেন, সেতুটিতে যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো পদক্ষেপ ছিল না। দীর্ঘদিন ধরে সেতু দিয়ে এ ধরনের ভারী যান চলাচল করছে। যার ফলে এই দুর্ঘটনা ঘটল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!