রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান হাসান আল মামুন লিমনকে ১নং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি বের করেছে গফরগাঁও উপজেলা যুবদল।
শুক্রবার (৫ জুন) বিকেলে গফরগাঁও মিনি স্টেডিয়াম এলাকার থেকে এ আনন্দ র্যালি বের করা হয়।
গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা এবং যুবদল নেতা মোশাররফ মোল্লার নেতৃত্বে এ আনন্দ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সালাম, রাজিব, মিন্টু, কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। যুবদল নেতাকর্মীরা এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা বলেন, গফরগাঁওয়ের কৃতি সন্তান হাসান আল মামুন লিমনকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, হাসান আল মামুন লিমনের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে।
#####