আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলা শাখা।
শুক্রবার (১ মে) সকাল ৯.৩০ মিনিটে ভালুকা বাসস্ট্যান্ড থেকে এ র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু। আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতে সেক্রেটারি শহীদুর রহমান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন দাবির কথা জানান। শ্রমিকদের নূন্যতম বেতন পঁচিশ হাজার করার দাবি জানান তারা।
কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত, কলকারখানায় শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সময়মত শ্রমিকদের বেতন দেয়া, কলকারখানায় কাজ করার সময় আহত হলে এককালীন সাহায্য সহ নানান দাবি পেশ করেন শ্রমিক নেতারা।
শিল্পাঞ্চল ভালুকায় শ্রমিকরা যেনো কাজ করতে যেয়ে কোন রকম হয়রানির স্বীকার না হয় সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতৃবৃন্দ।
এছাড়া কলকারখানায় ও পরিবহন ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান নেতারা।