ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় দুই রাতে চার কৃষকের গোয়াল থেকে ১৫ টি গরু চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরদল। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শিরিরচালা গ্রামের কৃষক ইন্নাছ আলী, নিঝুরী গ্রামের জিতেন্দ্র চন্দ্র রায় মাস্টার, গাদুমিয়া গ্রামের মো. কামাল উদ্দিন এবং মো. জাবেদ আলীর গোয়াল ঘর থেকে ওইসব গরু চুরির ঘটনা ঘটে। গরু চুরির ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শিরিরচালা গ্রামের কৃষক ইন্নাছ আলী অন্যান্য দিনের ন্যায় গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের গোয়ালে ৭টি গরু বেঁধে তালা দিয়ে রাখেন। পরদিন সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে ইন্নাছ আলী গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়ালের তালা কাটা ভিতরে গরু নেই।
কৃষক ইন্নছ আলীর ছেলে এমদাদ হোসেনের দাবি, চোরদল তাদের গোয়ালে বড় আকৃতির ৫টি গরু ও ২টি বাছুর ছিলো। গরুগুলির বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা এবং গরু পিকআপে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে একই রাতে উপজেলার নিঝুরী গ্রামের জিতেন্দ্র চন্দ্র রায় মাস্টারের দু’টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। জিতেন মাস্টার বলেন, তার একটি গাভী ও একটি ষাড় গরু চুরি হয়ে গেছে এবং গরু দু’টির মূল্য প্রায় ২ লাখ টাকা হবে।
এছাড়াও একই কায়দায় গত বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া গ্রামের মো. জাবেদ আলীর গোয়াল থেকে ৪টি এবং একই গ্রামের মো. কামাল উদ্দিনের গোলায় থেকে ২টি গরু চুরি হয়েছে। একই কায়দায় ৬টি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, গাদুমিয়া গ্রামের গরু চুরি ঘটনায় অভিযোগ পেলেও অপর দুই ঘটনায় অভিযোগের কপি এখনো তিনি হাতে পাননি।