মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে ময়মনসিংহেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর সূচনা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে একে একে শারীরিক কসরত প্রদর্শন করে জেলার বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ও প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কারারক্ষী দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিএনসিসি দল , ময়মনসিংহ জিলা স্কুলের বিএনসিসি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি দল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্কাউট দল, মুকুল নিকেতন স্কুলের স্কাউট দল, কালেক্টরেট স্কুলের স্কাউট দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, আফরোজ খান মডেল স্কুলের গার্লস গাইড দল, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রতিনিধি দল, মুসলিম স্কুলের প্রতিনিধি দল, প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রতিনিধি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহিদ, সম্ভ্রম হারানো মা-বোন ও জুলাই-২৪ আন্দোলনে নিহত বীর শহিদদের স্মরণ করে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। একটি স্বাধীন ভূখণ্ড, সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এ মহান অর্জন এদেশের সকল মুক্তিকামী মানুষের। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *