স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৬)। তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারি রোড এলাকার গোলাম মাওলার ৮ বছর বয়সী মেয়ে মোছা. রিদি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের খিচা এলাকায় পূর্বধলা থেকে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।