মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল তালুকদার (৫০)। তিনি তারাকান্দা উপজেলার বনিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ–শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বেপরোয়া গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল তালুকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।