আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভালুকা পৌরসভার বাসিন্দারা। দিন-রাত সমানভাবে মশার আক্রমণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যা নামার পর থেকে গভীর রাত পর্যন্ত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিশু, বৃদ্ধ ও নারীসহ সব বয়সী মানুষ।
পৌর এলাকার বিভিন্ন মহল্লা—বিশেষ করে ড্রেনেজ সমস্যাপ্রবণ ও জলাবদ্ধ এলাকায়—মশার উপদ্রপ তুলনামূলক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, নিয়মিত ফগিং কার্যক্রম ও ওষুধ ছিটানো না হওয়ায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে কয়েল, স্প্রে ও মশারি ব্যবহার করেও স্বস্তি পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, অপরিচ্ছন্ন ড্রেন, জমে থাকা পানি ও আবর্জনার স্তূপ মশা বৃদ্ধির অন্যতম কারণ। পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
সচেতন মহল মনে করছে, নাগরিকদের পাশাপাশি পৌর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগই পারে মশার উপদ্রব থেকে ভালুকাবাসীকে স্বস্তি দিতে।
এ ব্যাপারে ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন জানান, মশা তাড়ানোর জন্য এই মুহুর্তে কোন বরাদ্দ নেই। তবে, আজ কালের মধ্যে গ্যাসের মাধ্যমে যতোটুকু সম্ভব মশা তাড়ানোর চেষ্টা করা হবে।