রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পায়ে হেঁটে হেঁটে তিনি পৌর এলাকায় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি বাচ্চু পৌর শহরের জামতলা মোড় থেকে শুরু করে ষ্টেশন, বুধিয়া মার্কেট, মধ্য বাজার পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গফরগাঁও বাজার ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় এবং অপরিকল্পিতভাবে হোন্ডা, অটো রিক্সা ও অন্যান্য যানবাহন দাঁড় করানোর কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ট্রেন যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, তাছাড়াও এলাকার জনগণকে সাথে নিয়ে আমাদের যানজটের সমস্যা সমাধান করতে হবে। কারণ এখানে ফুটপাত আছে, দোকান আছে, ছোট ছোট গলি আছে- এগুলোর জন্য জনগণ আমাদের পাশে থাকলে তাদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ যানজট সমস্যার বিভিন্ন দিক এমপিকে তুলে ধরেন। তারা জানান, সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন দাঁড় করানো, ফুটপাত দখল এবং নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় শহরে প্রতিদিনই যানজট লেগে থাকে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গফরগাঁও পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।
####