আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মুরগীভর্তি বিকল পিকআপ মেরামত করার সময় অপর একটি মুরগীভর্তি পিকআপ ধাক্কায় রিপন মিয়া (৫২) নামে এক মুরগী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরএলাকার ইসলামী ব্যাংকের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী লেনে পৌরএলাকার ইসলামী ব্যাংকের সামনে বিকল হয়ে যাওয়া মুরগী ভর্তি একটি পিকআপ (নম্বর- ঢাকা-মেট্টো ন-১৪-৮৭৯৮) মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি ভর্তি পিকআপ (রেজি নম্বর-ঢাকা মেট্টো ন-১৩-৪৪০৮) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া গাড়িতে থাকা মরগী ব্যবসায়ী রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহত রিপন মিয়া পাশের গফরগাঁও উপজেলার ধামাইল দেওয়ানবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। এ সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০) আহত হন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।