ভালুকায় ট্রাকচাপায় প্রাথমিকের এক প্রধান শিক্ষকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (১৫ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় সিডষ্টোর-বাটাজোর সড়কে উপজেলার পাড়াগাঁও মেম্বারবাড়ি মোড় এলাকায়। নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা গ্রামের খানপাড়ার আলীম উদ্দিনের ছেলে ও পশ্চিম পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু বকর সিদ্দিক নির্বাচনী ট্রেনিং শেষে ভালুকা সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে সিডষ্টোর-বাটাজোর সড়কে উপজেলার পাড়াগাঁও গ্রামে মোটরসাইকেলটিকে একটি মাছভর্তি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। আহতকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!