ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রোহাদ মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তিনি ভালুকা পৌরসভার কোর্টভবন এলাকার রুহুল আমীন মীর্জ্জার ছেলে। মডেল থানা পুলিশ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভালুকা সরকারী ডিগ্রি কলেজ এলাকার মো: হান্নান মিয়ার ছেলে ছাত্রদল নেতা নিহাত হাসান শান্তকে (১৯) পৌরসভার গ্যাস লাইন এলাকায় পথরোধ করে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। খোঁজ পেয়ে পরিবারের লোকজন আহত শান্তকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত শান্ত’র মা নাহিদা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় গ্রেফতারকৃত ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রোহাদ মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামী করে মামলা (নম্বর ৪৩) দায়ের করেন। এদিকে গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ওই হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার দাবিতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের একাংশ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম ওই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোহাদ মিয়া ভালুকা মডেল থানার একটি মামলার এজাহার নামীয় আসামী।