উচ্চ কক্ষে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, গফরগাঁও উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর গফরগাঁও রেলস্টেশন চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

গফরগাঁও রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের চাঁদনী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ যুব মজলিস এবং ছাত্র মজলিস গফরগাঁও উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও – পাগলা আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী।

তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। অথচ আজও আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়। কারণ স্বৈরাচারের পতন হলেও গণমানুষের অধিকার এখনো বাস্তবায়িত হয়নি।
তিনি আরো বলেন, সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ জাতির মুক্তির সনদ। এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়; বরং এটি হতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি সহ আমাদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিম এর সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন, গফরগাঁও শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মুফতি মনিরুজ্জামান, যশরা ইউনিয়ন সভাপতি মুফতি ইখলাস উদ্দিন, নিগুয়ারী ইউনিয়ন সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা খায়রুল বাশার, যুব মজলিস গফরগাঁও শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব, ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা এর বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি, বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে। জুলাই-আগস্ট বিপ্লবের হাজারো ছাত্র-জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রাণের দাবিকে পাঁচ দফায় উপস্থাপন করেছে। এগুলো শুধু রাজনৈতিক দলীয় দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের শপথ।ইতিহাস সাক্ষ্য দেয়-স্বৈরাচার কখনো জনগণের ঢল থামাতে পারেনি। জুলাই-আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানুষ হৃদয়ে ধারণ করেছে, তা আর দমন করা যাবে না। এই দেশ গণমানুষের, কোনো স্বৈরশাসকের নয়। আসুন, আমরা সবাই মিলে এমন এক অদম্য গণজাগরণ তৈরি করি, যা পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবে না।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!