মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ফুলপুরের বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
শুক্রবার (২০ জুন) রাত ৮ টায় ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফুলপুর থানার ওসি মো. আবদুল হাদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।