যাত্রীবাহী চলন্ত বাস ঢুকে গেল মসজিদে, বাবা-ছেলেসহ নিহত ৪

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়। নিহতরা হলেন, পারভেজ মিয়া (৪০) ও তার ৮ বছরের ছেলে হাসান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। তাদের নাম ঠিকানা জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৬ জুন) সকাল ৭ টায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা পশ্চিম তালদীঘি এলাকায় এঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে সপরিবার হালুয়াঘাটে নানাশ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিল তিশা পরিবহনের বাসটি। এটি ঢাকা-কুমিল্লা সড়কে চলাচল করলেও ঈদ উপলক্ষে হালুয়াঘাটে যাত্রী নিয়ে যাচ্ছিল। স্ত্রী-সন্তান ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে হালুয়াঘাটে নানাশ্বশুরবাড়িতে ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছিলেন পারভেজ। সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদীঘি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফকিরবাড়ি মসজিদে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের দিকে ছিলেন পারভেজ ও তাঁর ছেলে। তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ২ জন।

যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেন, ‘যাত্রীবাহী বাসটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মসজিদের ভেতরে ঢুকে গেলে হতাহতের ঘটনা ঘটে।’

পুলিশ জানায়, ঘটনাস্থলে লাশ দুটি উদ্ধারের পর তারাকান্দা থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এবিষয়ে সকল আইনী প্রক্রিয়া চালু রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!