জুড়ীতে মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৪

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ৩ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের দিঘলবাগ গ্রামের সবু মিয়ার ছেলে তায়েফ হোসেন (৪০), বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো: ইব্রাহিম (৩৬), বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের ছেলে আবু সুফিয়ান (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (৩০)।

উল্লেখ্য, বিগত ৪ মাসে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে আনুমানিক ৩৫-৪০ টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র আবুল কালামের বাড়ী থেকে রাতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার (২ ফেব্রুয়ারি) তিনি বাদী হয়ে জুড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও জুড়ী থানার ওসি মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তায়েফ হোসেন ও ইব্রাহিমকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আবু সুফিয়ান ও আলী হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি ৩ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং বাকি একজন আসামী মোঃ ইব্রাহিমকে বিয়ানীবাজার থানায় মোটরসাইকেল চুরির আরেকটি মামলায় বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোরচক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!