ময়মনসিংহে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার: গ্রেফতার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর মাসকান্দায় সরকারী মৎস বীজ উৎপাদন খামার থেকে বিপুল পরিমান অস্ত্র ও মাদক উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে ফারজানা শান্তা (২২) নামের এক নারী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানায় এক প্রেস‌ ব্রিফিংয়ে এসব তথ্য জানান, রেঞ্জ ডিআইজি ড. মো: আশফাকুর রহমান।

এর আগে রোবাবার রাতে নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারী মৎস বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরী হৃদয় মিয়ার (২২) শয়ন কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় হৃদয় মিয়া (২৪) এবং তন্ময় ( ২৫) নামের দুই যুবক জড়িত বলে জানিয়েছে গ্রেপ্তার হওয়া হৃদয়ের স্ত্রী ফারজানা।

উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে- একটি নাইন এমএম পিস্তল, একটি পুরাতন পিস্তল, ম্যাগজিন, এয়ারগান, সীসা গুলি ১৩০ পিস, টেলিস্কোপ, সামুরাই, সুইচগিয়ার, চাকু, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, ছুরি, ঢেগার, মোটরসাইকেল, নগদ টাকা, ফেন্সিডিল ও বিদেশী মদ।

ব্রিফিংয়ে ডিআইজি আশফাকুর রহমান আরও জানান, কোথা থেকে কিভাবে এই অস্ত্রগুলো এনে কারা সংগ্রহে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়া ফারজানা জানিয়েছে তার স্বামী হৃদয় ও তন্ময় এসব অস্ত্র ও মাদক কেনাবেচা করত। কিন্তু এতগুলো অস্ত্র কোন সাধারণ মানুষের মাধ্যমে সংগ্রহ হয়েছে বলে আমরা মনে করছি না, অবশ্যই এর পেছনে কোন বড় ধরনের চক্র জড়িত রয়েছে। খুব দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করে এই রহস্য উন্মোচন করা হবে।

ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলার নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানার নীগুয়ারী গ্রামের বাসিন্দা। সে চাকরির সুবাদে তার স্ত্রী ফারজানাকে নিয়ে সরকারি মৎস বীজ উৎপাদন খামারে বসবাস করত। বর্তমানে হৃদয় পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে।’

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো: নাহিদ পারভেজ বাদি হয়ে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়ের করেছে, বলেও জানান ওসি।

এদিকে সরকারী প্রতিষ্ঠানের ভেতরে বিপুল অস্ত্র ও মাদক মজুদের বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক হাছেন আলী। তিনি বলেন, এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হয়, কিন্তু আমরা এসবের কিছুই জানতাম না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *