আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অগ্নিকান্ডে একটি মহিলা মাদরাসার দু’টি টিনসেট ঘর ও রড সিমেন্ট এবং প্লাস্টিত পণ্যের আরো দু’টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গাদুমিয়া মসজিদ মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার গাদুমিয়া মসজিদ মার্কেটের মেসার্স জামান ট্রেডার্সে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে বিক্রির জন্য খোলা পেট্রল থাকার কারণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এমনকি পাশে থাকা জান্নাতুল আকফাল নামে একটি মহিলা মাদরাসার দু’টি রুম পুড়ে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের লোকজন প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক আবুল কাশেম জানান, তার একটি দোকানে প্লাস্টিকের পণ্য ও অপর দোকানে রড সিমেন্টসহ অন্যান্য পণ্য ছিলো। আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, তাদের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের গোলযোগের কারনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।