ময়মনসিংহে বিসিক শিল্পনগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত একটি কীটনাশক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার এই অগ্নিকান্ড ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা তাৎক্ষণিক জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।
কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাঁদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।
দুপুর ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্তের পর বলা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।