মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কে চরঈশ্বরদিয়া বড়বিলা পুডামারা এলাকায় গোপালপুর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি বাস কর্মচারী।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ৮ টায় সরজমিনে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় রেকার দিয়ে পুকুর থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ফলে ময়মনসিংহ-শেরপুর সড়কের দুই পাশে গাড়ী আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।