রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়া (৩২) হত্যা মামলায় সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের লোকজনসহ এলাকাবাসী। গতকাল শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও -হোসেনপুর সড়কে নলচিড়া পালের বাজারে মানববন্ধনে অংশ নেয় নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রতক্ষ খুনীদের এজাহারভুক্তকরণ এবং সকল খুনীদের ফাঁসি দাবি জানানো হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল, শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের মোঃ আমিন মিয়ার ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়ার নিজ বসতঘরের সামনে বাড়ির রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মকবুল গংদের হামলায় গুরুত্বর আহত হয়। এসময় রাজিবকে বাঁচাতে বড়ভাই সুজন এগিয়ে আসলে সেও হামলায় আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ২দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২০ এপ্রিল শনিবার রাতে রাজিব মারা যায়। এই ঘটনায় শনিবার সকালে পাগলা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন নিহত বড়ভাই মোঃ সোহেল মিয়া।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহতের পিতা আমিন মিয়া ও মা আকলিমা বেগম, নিহতের স্ত্রী ইয়াসমিন, বড়ভাই সোহেল মিয়া, সুজন মিয়া ও স্থানীয় লোকজন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রতক্ষ খুনীদের এজাহারভুক্তকরণ এবং সকল খুনীদের ফাঁসি দাবি জানানো হয়। আমরা সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।