প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৮, ২০২৪ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় সাব্বির হোসেন (১৮) নামে এক মিল শ্রমিককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনাটি ঘটেছে (৬ এপ্রিল) শবেকদরের রাতে উপজেলার ঝালপাজা গ্রামে। সাব্বির নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা করা হয়। খোঁজ পেয়ে পরিবার ও স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শবেকদরের নামাজ শেষে উপজেলার ঝালপাজা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে স্থানীয় ম্যাজিক কারখানার শ্রমিক সাব্বির হোসেন বাড়ি যাওয়ার পথে মসজিদের পাশেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। হামলাকারীরা সাব্বিরের মাথা ও বাম চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে ডাক চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত সাব্বিরকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার তার মাথায় সেলাই করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় আহত সাব্বিরের বড় ভাই শওকত আলী বাদি হয়ে মোঃ তারিফ মিয়া (১৫), জিনহাদ মিয়া (১২) ও মামুন মিয়ার (২১) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com