প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২৪ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে গিয়ে মোঃ লাল মিয়া (৫০) নামে এক যাত্রী’র মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২জানুয়ারী) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর ড্রাইভারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর ড্রাইভারপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা উল্টো পথে আসা ব্যাটারী চালিত অপর একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই উল্টে যাওয়া অটোর যাত্রী শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরী কান্দা শেওড়াতলা গ্রামের আমজাদ আলী’র ছেলে মোঃ লাল মিয়া মারা যান। এ সময় আরো বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে প্রেরণ করে। ভালুকা ভড়াডোবা হাইওয়ে পুলিশের (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

