ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতিও নিশ্চিত করতে হবে এমনটাই মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা মুখী বিতর্ক থাকার কারণে নির্বাচন নিয়ে বিরোধী দলগুলির আন্দোলনের পাশাপাশি বিগত এক বছর যাবৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশ গ্রহণ মূলক করার জন্য সরকারের প্রতি বারবার তাগিদ ও নানামুখী চাপ দিয়ে আসছে। শুধু তাই নয়, নির্বাচন গ্রহণ যোগ্য না হলে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভিসানীতি সহ শ্রম ও বানিজ্য নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে। তাই আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক না হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশগুলি নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে নিষেধাজ্ঞার জালে আবদ্ধ করে ফেলার সমূহ সম্ভাবনা আছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মতিঝিলস্থ ঢাকা মহানগর কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী দলীয় প্রার্থী ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, ভূরাজনৈতিক অবস্থানের কারণে বৈশ্বিক পরাশক্তি, আঞ্চলিক শক্তি গুলোর মধ্যে ক্রমশ প্রতিযোগিতার মধ্যে পড়েছে বাংলাদেশ। সামনের দিনে আমাদের অর্থনীতি ও কূটনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই চাপ ও চ্যালেঞ্জ সামলানোর জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং দেশে গণতন্ত্র বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য ও রাজনৈতিক ঐক্যের বিশেষ প্রয়োজন।
এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জগদীশ সরকার, মোঃ মানুন পারভেজ ও সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী জেলা নেতৃবৃন্দ।