গাজীপুর মহানগর ডিবি পুলিশের অভিযানে ৭ ভূয়া ডিবি গ্রেফতার

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ৩০ সেপ্টেম্বরঃ
ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ ৭ জনের একদল ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতো। জিএমপি ডিবি পুলিশ এই ভূয়া ডিবি দলের ব্যবহৃত একটি হায়েস গাড়ী এবং টঙ্গীতে ডিবি পরিচয়ে ডাকাতিকালে লুণ্ঠিত স্বর্নালঙ্কার ও বিক্রয়লব্দ টাকা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- আসাদুজ্জামান পলাশ (৪০), অলিউর রহমান (৪০), আব্দুল হাকিম (৪০), রিপন আহাম্মেদ রবিন (৪০), কামরুল ইসলাম (৩৬), মোহন চৌকিদার (৫২) ও বাচ্চু মিয়া (৪৫)। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (ডিবি) নূরে আলম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, টঙ্গী পূর্ব থানার পূর্ব গাজীপুরা এলাকায় ‘রিয়ামনি জুয়েলার্স’ এর কর্মচারী আমির হোসেন ও উক্ত দোকান মালিকের মামাতো ভাই আবুল কালাম আজাদ গত রোববার রাত সাড়ে ১০টায় দোকান থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার, ১০৭ ভরি রূপার অলংকার নিয়ে দোকান বন্ধ করে মালিক ইয়াসিনের বাসায় ফিরছিলেন। তারা রাত পৌনে ১১টায় স্থানীয় কাজীবাড়ী মোড়ে উত্তোলন স্কুলের সামনে পৌঁছালে ডিবি পুলিশের জ্যাকেট পড়া ৬-৭ জন লোক একটি সাদা রঙের হাইয়েস গাড়ী নিয়ে তাদের গতিরোধ করে দঁাড়ায় এবং ডিবি পুলিশ পরিচয়ে তাদের দেহ তল্লাশির একপর্যায়ে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে তাদেরকে প্রচন্ড মারধর করে হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে এবং তাদের সাথে থাকা স্বর্ণালংকার লুটে নেয়। পরে তাদেরকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন মৌচাক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এর পর তারা দু’জন একটি দোকানে গিয়ে মোবাইল ফোনে ঘটনাটি দোকান মালিককে জানায়।
এ ঘটনায় দোকান মালিক মো. ইয়াসিন বাদী হয়ে মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করেন। ডাকাতির এ ঘটনায় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা মহানগরীর শাহবাগ ও পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার ওই সাত ডাকাতকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও অপহরণের মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নূরে আলম, সহকারি কমিশনার রিপন চন্দ্র সরকার, আবু সায়েম নয়ন, পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!