স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম ।।
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি রাজিব পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। পরে বাসটিও উল্টে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বাসটি উল্টে আছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।