প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে (৪২) দিন দুপুরে অপহরণের ঘটনায় প্রতিবাদসভা করেছে ইউনিয়ন আ’লীগ। সেই সাথে আসামীরা গ্রেফতার ও তাদের শাস্তি না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজৈ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন ও স্থানীয় আ’লীগের উদ্যোগে ওই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দিন দুপুরে চান্দাব বোর্ডবাজার এলাকা থেকে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোস্তফা কামালকে অপহরণ করে মেহেদী হাসান শাহাজের নেতৃত্বে পাঁচটি হাইয়েজ ভর্তি একদল সন্ত্রাসী। পরে মোস্তফা কামালকে ঘটনার রাতে উপজেলার ভরাডোবা এলাকা থেকে উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। ওই ঘটনায় মোস্তফা কামালের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অপহরণ মামলা (নম্বর-৩১) দায়ের করেন। এ ঘটনার মামলার এক নম্বর আসামী মেহেদী হাসান শাহাজকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
রোববার বিকেলে রাজৈ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের এক প্রতিবাদ সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নরুল ইসলাম বাদশা, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মাস্টার, বদরুদ্দোজা খান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসিফ আহাম্মেদ আরিফ, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমানুল্লাহ খান সোহেল, জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীদার হোসেন খান।
রাজৈ ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার বলেন, দেশ চালাচ্ছে আ’লীগ সরকার, আর আ’লীগের সহযোগী সংগঠনের শ্রমিকলীগ নেতাকে দিন দুপুরে অপহরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফার অপহরণ কারীদের শাস্তির আওতায় না নেয়া পর্যন্ত রাজৈ ইউনিয়ন আ’লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বলেন, মোস্তফা অপহরণের বিষয়টি তাঁর পরিবারের পক্ষ থেকে জানানোর সাথে সাথে তিনি ওসি ও এসপিকে অবগত করেন। পরে পুলিশ উপজেলার ভরাডোবা এলাকা রাতে বেলায় অপহৃতকে উদ্ধার করেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকলীগ নেতা অপহরণের ঘটনায় তাঁর স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে মামলা করেছেন। মামলার মূল আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com