রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে ধর্মীয় আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরের পন্ডিতপাড়া শিবমন্দির চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে ও রণদা প্রসাদের সঞ্চালনায় সভায় ধর্মীয় বিষয়ে আলোচনা রাখেন-গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি শ্রী চিত্তরঞ্জন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক, শ্রী মৃদুল সাহা চৌধুরী, শৈলেন্দ ভৌমিক, বিমল চন্দ্র পাল, হারুন বিশ্বাস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন সত্য বাণী শ্রী মদ্ভভগবত গীতার মর্ম উপলদ্ধিসহ কৃষ্ণভজন প্রচার করতে হবে। তবে পৃথিবীতে মানব জাতির মধ্যে কৃষ্ণপ্রীতি জন্ম নিবে এবং মুক্তির পথ খুঁজে পাবে। তিনি শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের অবতার নন। তিনি সকল জীবের মঙ্গল কামনায় কাজ করে গেছেন।
সভা শেষে শিবমন্দির প্রাঙ্গণ থেকে বিশ্বশান্তি কামনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের কৃষ্ণভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিবমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পন্ডিতপাড়া শিবমন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।