প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২৩ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিশেষ ক্ষমতা আইনের পুরনো একটি মামলায় বিএনপির আরো তিন নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (২২ আগস্ট) রাতে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাচঁগাও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শামসুল হক (৬০), উপজেলা যুবদল নেতা সমর পাঠান (৪৮) ও ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিহাদ হাসান (২৪)।
থানা সূত্রে জানা যায়, উপজেলা পনাশাইল বাজারে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর, সরকারী কাজে বাঁধা ও পুলিশ আহত করণের অভিযোগে চলতি বছরের ১২ ফেব্রæয়ারী ভালুকা মডেল থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় মঙ্গলবার রাতে তাদেরকে গতকাল বুধবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই মামলায় তিন ধাপে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

