রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
কিস্তির টাকা নিতে আসা এনজিও মাঠ কর্মকর্তা ওয়াহিদূল ইসলাম (৩০) কে কুপিয়েছে ঋণ গ্রহীতার ছেলে শান্ত (২৫) নামের এক যুবক। আহত এনজিও মাঠ কর্মকর্তা সাথে থাকা টাকা ব্যাগও ছিনিয়ে নেয় সে।
গত সোমবার (৩১ জুলাই) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের ডিগ্রীভূমি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারী শান্ত ঋণ গ্রহীতা মরিয়ম ও আব্দুর রাজ্জাক দম্পতির ছেলে।
স্থানীয় ইউপি সদস্যা শিখা বেগম ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
পপি এনজিও কান্দিপাড়া শাখার ব্যাবস্থাপক মোঃ তফাজ্জল হোসেন জানান, মরিয়ম ও মিনারা নামে দুই মহিলা আমাকে মোবাইলে কিস্তির টাকা পরিশোধের কথা জানালে আমি অফিসের মাঠ কর্মকর্তা ওয়াহিদূলকে মহিলাদের বাড়িতে পাঠাই কিস্তির টাকা সংগ্রহ করে আনতে। এসময় কিস্তি টাকা না দিয়ে মরিয়ম এর ছেলে শান্ত রামদা দিয়ে তার উপর অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা ব্যাগে টাকাও ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।