প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৪, ২০২৩ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকার কাদিগড় জাতীয় উদ্যানের এক কিলোমিটারের মধ্যে উপজেলার বাটাজোর বাজারে ৮/১০ টিসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ করাতকলে অবাধে চেরাই হচ্ছে বিশাল বিশাল শাল-গজারি ও আকাশমনি গাছ। একটি সঙ্ঘবদ্ধ গাছ পাঁচারকারীদল রাতের আধাঁরে অব্যাহতভাবে সরকারি বনের গাছ কেটে নেয়াার ফলে উজাড় হচ্ছে কাদিগড় জাতীয় উদ্যান ও হবিরবাড়ি এলাকার ১১ গড় নামে গজারি বনসহ বিভিন্ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল। বনবিভাগের অসাধূ ব্যক্তিদের মিল প্রতি অনৈতিক সুবিধা দিয়ে এসব করাতকল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা বাজার, বাটাজোর বাজার, মাস্টারবাড়ি, কাশরগড়, মল্লিকবাড়ি মোড় ও মল্লিকবাড়ি বাজার, উথুরা রেঞ্জ অফিস সংলগ্ন, উথুরা বাজার, চামিয়াদী বাজার, কৈয়াদী বাজার, ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকা, আঙ্গারগাড়া ও ডাকাতিয়া চৌরাস্তা, বিরুনীয়া, ধীতপুর, ভোটবাজার, পনাশাইল বাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক লাইসেন্সবিহীন করাতকলে দিনরাত চলে শাল-গজারি ও আকাশমনি কাঠ চেরাই। বন কর্মকর্তাদের যোগসাজশে ও তাদের মাসোহারা দিয়ে অবাধে এসব গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বৃক্ষসম্পদ সংরক্ষণ ও পর্যটন সুবিধা উন্নয়নের জন্য সরকার বন্য প্রাণী (সংরক্ষণ ও সংশোধন) আইন ১৯৭৪-এর ২৩(৩) ধারার আওতায় ২০১০ সালের ২৪ অক্টোবর এক আদেশবলে পরিবেশ ও বন মন্ত্রণালয় ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও এলাকায় ৮৫০ একর ভূমির সংরক্ষিত বনাঞ্চলকে কাদিগড় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এখানে রয়েছে পুরনো শাল-গজারি গাছের অপরূপ সবুজের সমারোহ। জাতীয় উদ্যান হিসেবে ওই এলাকাটি চিহ্নিত হওয়ার পর তা সংরক্ষণে সরকারিভাবে কাজ শুরু হয়। কিন্তু জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে একটি চক্র উদ্যানের গাছ কাটা শুরু করে। চক্রটি রাতে উদ্যান এলাকা থেকে গজারি গাছ কেটে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে পার্শ্ববর্তী বাটাজোর বাজার ও আশপাশের বিভিন্ন করাতকল মালিকদের কাছে পৌঁছে দেয়।
বনআইনে বন এলাকার ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ হলেও কাদিগড় বনাঞ্চল থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে কাচিনা বাজার ও বাটাজোর বাজার এলাকায় ২০টি লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠেছে। এসব করাতকলে দিনদুপুরে উদ্যানের বিভিন্ন প্রজাতির গাছের কাঠ চেরাই করা হয়। কাদিগড় বনবিট অফিস থেকে মাত্র এক-দেড় কিলোমিটার দূরে বাটাজোর বাজারে আতিক মন্ডল, পলাশ তালুকদার, সেলিম তালুকদার, ইমরুল তালুকাদার, জাহাঙ্গীর মেম্বার, নয়ন মিয়া ও পাপনের মালিকানাধীন অবৈধ করাতকল ছাড়াও আরো সাত-আটটি করাতকলে প্রকাশ্যেই চেরাই করা হচ্ছে বনের গাছ। শুধু কাচিনা আর বাটাজোরই নয়, জাতীয় উদ্যানের মাত্র দেড় কিলোমিটার দূরে তামাট বাজারে শাহীন মেম্বারের মালিকানাধীন করাতকলসহ তিনটি করাতকলে রাতদিন বনের গাছ চেরাই করা হয়। তাছাড়া কাচিনা ও বাটাজোর বাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজারে শতাধিক ফার্ণিচারের দোকানে বনাঞ্চল থেকে চুরাইপথে আনা কাঠ দিয়ে বিভিন্ন প্রকারের আসবাবপত্র তৈরী হচ্ছে। আর ক্রমাগত গাছ কাটার ফলে নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় উদ্যানের সৌন্দর্য ও ধ্বংস হচ্ছে জাতীয় সম্পদ।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগেও উদ্যান এলাকায় মেছোবাঘ, লজ্জাবতী বানরসহ কয়েক প্রজাতির প্রাণী উন্মুক্ত করা হলেও বন উজাড় হওয়ায় এদের অস্তিত্ব এখন হুমকির মুখে। বন বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার সুযোগ নিচ্ছে অবৈধ করাতকল মলিক ও কাঠ পাচারকারী সংঘবদ্ধ চক্র।
এদিকে ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিটের আওতায় মাস্টারবাড়ি ও মনোহরপুরসহ বিভিন্ন স্থানে অবৈধ করাতকল বসিয়ে দীর্ঘদিন ধরে ১১ গড় নামে পরিচিত বিশাল বন এলাকাসহ আশপাশের বিশাল বিশাল গজারী গাছ রাতের আঁধারে কেটে নিয়ে তাদের নিজস্ব করাতকলে চেড়াই করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক করাতকল মালিক জানান, বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে এমনকি তাদেরকে প্রতি মাসে প্রতিটি করাতকল পরিচালনার জন্য অনৈতিক সুবিধা দিয়ে লাইসেন্স ছাড়াই বছরের পর বছর উদ্যোনের গাছ কেটে চেরাই করা হচ্ছে। তিনি আরো জানান, এলাকার প্রত্যেকটি স’মিল মালিকের নিজস্ব ফার্নিচারের দোকান রয়েছে। তাই এসব চোরাই কাঠ সহজেই আশপাশ এলাকায় বিক্রিসহ তাদের  ফার্নিচারের দোকানে ব্যবহার করতে পারেন।
উপজেলার বাটাজোর বাজারে অবস্থিত অবৈধ দু’টি করাতকলের মালিক নয়ন মিয়া জানান, তারা প্রতি মাসে সব মিল থেকে নির্দিষ্ট হারে টাকা কালেকশন করে স্থানীয় বনবিট অফিসকে মাসোহারা দিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করছেন।
এ ব্যাপারে কাদিগড় বিট কর্মকর্তা ফিরোজ আল মামুন করাতকল প্রতি মাসোহারা নেয়ার বিষয়টি অস্বীকার করে নয়া দিগন্তকে জানান, এখন বনায়নের সময় এবং বিভিন্ন জায়গায় গাছের চারা রোপন নিয়ে ব্যাস্ত আছি। করাতকল নিয়ে চিন্তা করা যাচ্ছেনা।
হবিরবাড়ি রেঞ্জ কর্মকর্তা মো: হারুন অর রশিদ জানান, জাতীয় উদ্যানের আশপাশসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা করাতকল মালিকতের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com