রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবকদল নেতা নবী হোসেন (৪০)কে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি কর্মীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিএনপি কর্মীদের হামলায় পাগলা থানার এসআই মদন চন্দ্র সিং ও পুলিশ কনস্টেবল সোহেল আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এসআই মদন চন্দ্র সিং বাদী হয়ে ২৪ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানার এসআই মদন সিং এর নেতৃত্বে পুলিশ পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সময় পুলিশ একাধিক মামলার আসামী পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক নবী হোসেনকে পালের বাজার থেকে গ্রেফতার করে। এসময় স্থানীয় বিএনপির কর্মীরা পুলিশকে ঘেরাও করে এবং এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নবী হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় । এসময় হামলায় পাগলা থানার এসআই মদন চন্দ্র সিং ও কনস্টেবল সোহেল আহত হয়।
পাগলা থানার ওসি রাজু আহাম্মেদ বলেন, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিভিন্ন মামলার আসামি নবী হোসেনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়। ঘটনায় সাথে জড়িত থাকায় অভিযোগে হুমায়ুন (৩০) নামে একজনকে আটক করা হয়। মূলআসামীসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
###