রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে লড়বে এই যুব সমাজ।
জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার, উন্নয়নের মার্কা নৌকার জন্য প্রস্তুত হোন। আপনারা আমাকে ভালবেসে ভোট দিয়ে একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দুই দুইবার এমপি বানিয়েছেন। গফরগাঁও উন্নয়নমূলক কর্মকান্ড দিয়ে আমিও আমার ওয়াদা পূরণ করেছি। ডিজিটাল বাংলাদেশের সুফল এই চরাঞ্চলে বসে পেয়েছেন। আগামী দিনে পাবেন স্মার্ট বাংলাদেশের সুফল।
গত শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি আরও বলেন, যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিবে এই যুবলীগ।
তিনি বলেন, আজকে এই দুর্গম চরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের উপর ময়মনসিংহের বৃহত্তম সেতু নির্মিত হয়েছে। এর ফলে আশপাশের কয়েকটি উপজেলার সাথে গফরগাঁও উপজেলার সেতুবন্ধন হয়েছে। এই চরাঞ্চলে
এসেছে বিদ্যুত, পেয়েছেন ইন্টারনেট, স্যাটেলাইটের মাধ্যমে ঘরে বসে দেশ-বিদেশের খবরাখবর দেখছেন। এগুলো সবই আওয়ামী লীগ সরকারের অবদান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে তুমুল বৃষ্টিপাতের মাঝেও হাজার হাজার যুবলীগ নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।
চরআলগী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে যুবসমাজের প্রাধান্য ও গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
চরআলগী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুশফিকুর রহমান রাসেলের সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসকান্দ রোজ রিবেল, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশ ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান সজীব সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।