রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ছোটবারইহাটি এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও মোটরসাইকেল চোর সাগর (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) ভোররাতে ২ টি মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করে। মোটরসাইকেল চোর সাগর পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার সাতখামাইর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ছোট বারইহাটি গ্রামের মোফাজ্জল নিজ বসতঘরে মোটরসাইকেল রেখে ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরেতে মোটরসাইকেল নেই।
মোটরসাইকেল না পেয়ে বুধবার সন্ধ্যায়
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় এসআই মোঃ শাহিদুল ইসলাম পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে ছোট বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে
মোটরসাইকেল চোর সাগরকে গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করে।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সাগর মোটরসাইকেল চুরির সত্যতা স্বীকার করেন। তার বিরুদ্ধে পাগলাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।