জরুরী ৯৯৯- এর মাধ্যমে কল পেয়ে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করলো পুলিশ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুশুলি ইউনিয়ন এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ভারুয়া বিলের ঝোঁপের আড়াল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ।

জানা গেছে, গতকাল দুপুর অনুমান দেড়টা সময় রুবেল নামের জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯- এর মাধ্যমে ভারুয়া বিলের মাঝখানে একজন বৃদ্ধা অচেতন অবস্থায় পড়ে আছে মর্মে নান্দাইল থানার ডিউটি অফিসারকে সংবাদ দেন। সংবাদ পেয়ে নান্দাইল থানার এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে পৌঁছে অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলাকে অর্ধচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বিলের মাঝখানের ঝোঁপ থেকে  উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন এবং বৃদ্ধার সাথে কথা বলার চেষ্টা করেন। শারীরিক দুর্বলতাজনিত কারণে বৃদ্ধা কোন কথার উত্তর দিতে পারেননি। তাৎক্ষণিকভাবে এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৃদ্ধাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উদ্ধারকৃত বৃদ্ধা মহিলার নাম মোছা: বেগম খাতুন (৮৭) বলে জানা যায়।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে তিনি দুজন উদ্ধারকারী নিয়ে ঘটনাস্থলে যান। জায়গাটি ভারুয়া বিল নামে পরিচিত। চারপাশে পানি ও কচুরিপানা। মাঝখানে ঝোপঝাড়। গিয়ে ওই ঝোপঝাড়ের আড়ালে বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন। সে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাগলা পাড়া এলাকায় বাসিন্দা।
জামালপুরে তার কোনো আত্মীয়স্বজন আছে কিনা এ সংক্রান্তে  অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বৃদ্ধা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় জানিয়েছেন, ফারুক নামের এলাকার এক তরুণ হাঁসের ঝাঁক নিয়ে ভারুয়া বিলে নেমেছিলেন। কয়েকটি হাঁস ঝোপের কাছে চলে গেলে সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে দেখতে পান তিনি। সেখান থেকে ঘটনাটি মুঠোফোনে রুবেল নামের পরিচিত এক ব্যক্তিকে জানান। পরে রুবেল জাতীয় জরুরি সেবা নম্বরে কল করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *