রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার উদ্যোগে ১দিন ব্যাপী বঙ্গবন্ধু বই মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। জেলা- উপজেলা ও ঢাকায় ২৫টি জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান বই’র সম্ভার সাজিয়ে মেলায় নিয়ে এসেছে প্রাণের স্পন্দন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার সভাপতি ফাইজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বইমেলা উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ইউএনও মোঃ আবিদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ২০২২ সালের এসএসসির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা পরীক্ষার মাধ্যমে ২২ জন কৃতি শিক্ষার্থীকে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন মেধা বৃত্তি দেওয়া হয়েছে। মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।