রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে প্রাথমিক পর্যায়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে স্থানীয় বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম ও বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপা রাণী লৌহ প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ২৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একযোগে সরকারিভাবে নতুন বই বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতেই প্রাথমিক শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুবই উচ্ছসিত।