ভালুকায় লাকড়িবোঝাই গাড়ি থেকে বনবিভাগের অনৈতিক সুবিধা আদায়!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার দু’টি রেঞ্জের আওতায় সংরক্ষিত বনাঞ্চল হতে সঙ্ঘবদ্ধ কাঠ পাঁচারকারীদল রাতের আঁধারে গাছ কেটে ট্রাক ভরে প্রতিদিন পাঁচার করছে পাশের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় অবস্থিত আকিজ ফ্যাক্টরীসহ দুই উপজেলার অর্ধশতাধিক বৈধ অবৈধ ইটভাটায়। আর এদিকে একাধিক চেকপোষ্ট বসিয়ে তল্লাসির নামে বন বিভাগের লোকজন এসব অবৈধ চোরাই কাঠ বোঝাই ট্রাক আটকের পর জব্দ না করে কৌশলে পার্টি কিংবা চালকের সাথে সমজোতা করে মোটা অংকের টাকা আদায় করে ট্রাকগুলো ছেড়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট কাঠ বোঝাই গাড়ির লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন গজারীবন, টাঈাইলের মধুপুর, ঘাটাইল ও সখিপুর বনাঞ্চল, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার ১১ গড় নামে বিশাল গজারী বাগান ও কাদিগড় জাতীয় উদ্যানসহ বেশ কিছু ঐতিয্যবাহী বনের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে কেটে সবার করছে সঙ্ঘবদ্ধ গাছ পাচারকারীদল। আর এসব গাছ স্থানীয় শতাধিক অবৈধ করাতকলে টুকরা করে ট্রাকবোঝাইয়ের পর প্রকাশ্যে ও রাতের আঁধারে ভালুকার উপর দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি গ্রামে অবস্থিত আকিজ সিরামিক্স, হার্ডবোর্ড এন্ড পারটেক্স ফ্যাক্টরীকে সরবরাহ করছে। স্থানীয় বনবিভাগকে ম্যানেজ করে বিভিন্ন এলাকার অসাধূ কাঠ ব্যবসায়ীরা বন এলাকা হতে দীর্ঘদিন যাবৎ দিন রাত ওই ফ্যাক্টরীসহ দুই উপজেলায় অবস্থিত বৈধ অবৈধভাবে গড়ে উঠা অর্ধশতাধিক ইটভাটায় হাজার হাজার মণ কাঠ সরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ভালুকা উপজেলার হবিরবাড়ি রেঞ্জ অফিসের সামনে, আখালিয়া, মল্লিকবাড়ি, উথুরা ও ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টা বসিয়ে বনবিভাগের অসাধূ ব্যক্তিরা ওইসব কাঠবোঝাই ট্রাক ও লরি থামিয়ে তল্লাসীর নামে বিভিন্ন অঙ্কের চাঁদা আদায় করছে।
স্থানীয় লোকজন জানান, ত্রিশালের আকিজ ফ্যাক্টরী ও দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক বৈধ অবৈধ ইটভাটায় প্রতিদিন অন্তত শতাধিক ট্রাক ও লরি বোঝাই লাকড়ি সরবরাহ হচ্ছে। আর এসব ট্রাক ও লরি থেকে বনবিভাগের লোকজন ভরাডোবাসহ বিভিন্ন স্থানে চেকপোস্টা বসিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে থাকে।
আর অনবরত বৃক্ষ নিধনের ফলে পশুপাখির আবাসস্থল নষ্ট হয়ে ক্রমশ এসব অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে। গত বুধবার রাত অনুমান ৯ টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ডের উত্তরপাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রাকের সামান্য দুরে ভালুকা রেঞ্জের বনকর্তাদের উপস্থিতি দেখা যায়। কাঠ বোঝাই ওই ট্রাকের চালক জানান, তিনি গাজীপুরের কাপাসিয়া থেকে ৪০০ মণ বাগান কাঠ ও অন্যান্য কাঠ নিয়ে ত্রিশালের আকিজ ফ্যাক্টরীতে যাচ্ছিলেন। ওই স্থানে বনের লোকজন সংকেত দিয়ে তাকে থামিয়েছেন এবং তার কাছে চার হাজার টাকা দাবী করেছেন। বিষয়টি বুঝার জন্য একটু আড়ালে সরে গিয়ে দেখা যায়, ভালুকা রেঞ্জে কর্মরত মোস্তাফিজ, কুদরতই খোদা ও গিয়াসউদ্দিনের ট্রাক চালকের সাথে দফারফা হওয়ার পর ট্রাকটি ত্রিশালের দিকে চলে যায়। এর কিছুক্ষনের মধ্যেই সম পরিমানের কাঠভর্তি আরো একটি  ট্রাক থামানো হয়। চালকের সাথে কথা বলে জানা যায়, পাশর্^কর্তী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার দেবরাজ এলাকা হতে কাঠনিয়ে ত্রিশালের আকিজ ফ্যাক্টরীতে যাওয়ার পথে বনরক্ষীরা তাদের ট্রাকটি থামিয়েছেন। পরে তাদের দাবিকৃত অনৈতিক সুবিধা দিয়ে যেতে হয়েছে।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রইচ উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার যেকোন স্থানে গাছ বা লাকড়ি বোঝাই ট্রাক আটকানোর ক্ষমতা রাখে স্থানীয় বনবিভাগ। এক প্রশ্নে তিনি বলেন, অনেক খরচ, তাই দু’একটি ট্রাক থেকে কালেকশন করা হয়ে থাকে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *