রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না হওয়াতে স্যাভলন খেয়ে আত্মহত্যা করেছে প্রমা দত্ত নিঝুম (১৬) নামে এক শিক্ষার্থী। সে উপজেলার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে ও পৌরশহরে অবস্থিত খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গতকাল সোমবার সন্ধ্যায় দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
জানা যায়, এসএসসির ফলাফল সোমবার দুপুরে ঘোষণা হলে নিহত প্রমা দত্ত নিঝুম বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৬৭ প্রাপ্ত হয়। কাঙ্খিত ফলাফল না হওয়ায় সে বিষন্ন হয়ে পড়ে। পরে বিকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্যাভলন খেয়ে অসুস্থ হয়ে যায়। খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।