আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দুইটি বাড়ির ৫৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, সোমবারা সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদ ঢালী ও বোরহান ডাক্তারের মেয়ের জামাই আইয়ুব আলী পিন্টুর বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে বিভিন্ন মিল ফ্যাক্টরীতে কর্মরত নিন্মআয়ের শ্রমিকদের তালাবদ্ধ রুমে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে এখন তারা নিঃস্ব। বাড়ির মালিক আইয়ুব আলী পিন্টু জানান, আগুনে ৫৩ টি বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পাওে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক অবস্থায় প্রায় পাঁচলাখ টাকার ক্ষতি হতে পারে।