আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আউলাতলী গ্রামে জনৈক আবদুস সাত্তারের ৪ বিঘা জমিতে লাগানো প্রায় ৩০/৩৫ টি আম গাছের চারা শুক্রবার রাতে দুর্বত্তরা কেটে ফেলেছে। তাছাড়া ওই জমিতে থাকা প্রায় লাখ টাকা মূল্যের লোহার রড, এংগেল. পাইপ ও পুরাতন টিন নিয়ে গেছে।
হবিরবাড়ি গ্রামের আতিকুর রহমানের ছেলে আবদুস সাত্তার জানান, আউলাতলী গ্রামে তাদের ক্রয়কৃত জমিতে কিছুদিন পূর্বে তিনি বেশ কিছু আম গাছের চারা রোপন করেন। দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ার টেকার আবদুল হান্নান ৫ নভেম্বর শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন ৩০/৩৫ টির মতো আমের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে ও জমিতে থাকা মালামালগুলি নিয়ে গেছে। পরে কেয়ারটেকারের মোবাইল ফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতির বিষয়টি দেখতে পান। এ ব্যাপারে আবদুস সাত্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।