রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিকটবর্তী এলাকায় দু’টি রেললাইনের জোড়ার হঠাৎ
কিছুটা অংশ ভেঙে যাওয়ার ফলে গফরগাঁও ও মশাখালী রেলওয়ে স্টেশনে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। স্থানীয়রা স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর ৪০ মিনিট পর রেললাইনটি মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের হাতীখলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন গফরগাঁও-মশাখালীর মধ্যবর্তী হাতীখলা বাজার অতিক্রম করার পর স্থানীয় লোকজন দেখতে পান রেললাইনের জোড়ার কিছুটা অংশ ভাঙা রয়েছে। এতে ট্রেন লাইনচূত হয়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁরা বিষয়টি গফরগাঁও রেলস্টেশন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করেন। এ অবস্থায় মশাখালী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র ও গফরগাঁও স্টেশনে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ভাঙা রেললাইনটি দ্রুত মেরামত করালে রাত সাড়ে ৯ টায় পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, এটা কোনো নাশকতা নয়। রেললাইন অতিরিক্ত গরম হলে অনেক সময় এমন হতে পারে। তবে স্থানীয় লোকজন দ্রুত না জানালে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।