আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৭ মে শুক্রবার।।
ময়মনসিংহ জেলায় বিদ্যালয় ক্যাটাগরিতে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে জেলায় সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারা নীনা। তিনি অষ্টমবারের মতো সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন । তাছাড়া শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক সামিউল ইসলাম। তিনিও তৃতীয়বারের মতো সেরা শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত। তারা ভালুকা উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাছাড়া বিদ্যালয়টি দ্বিতীয়বারের মতো উপজেলায় সেরা বিদ্যাপিঠ হিসেবেও নির্বাচিত হয়েছে। ওই বিদ্যালয় কয়েকটি বিভাগেও সেরা হয়েছে। সেরা স্কাউট শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক শরীফা বেগম, সেরা শিক্ষার্থী দশম শ্রেণীর তাওহিদা তাসরিন, সেরা স্কাউট পদকপ্রাপ্ত দশম শ্রেণীর শিক্ষার্থী তানজিনা আক্তার বর্ষা নির্বাচিত হয়েছেন।
জেলা অ্যাম্বাসেডর শিক্ষক সামিউল ইসলাম জানান, তিনি ২০১৮ ও ২০১৯ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা নীনা আপার উৎসাহ ও অনুপ্রেরনায় আজকের এই সাফল্য। তিনি আমাকে সবসময় দিক নির্দেশনা প্রদান করে থাকেন।
জেলার সেরা প্রধান শিক্ষক আনোয়ারা নীনা জানান, এই সাফল্য খুবই আনন্দের। আমার এই প্রাপ্তি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীর। তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানীত সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু শিক্ষাবান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন।