রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৫ মে বুধবার।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বাবুল মিয়া (৫৫) ২৫ মে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শামছুল হকের পরিবারের সাথে প্রতিবেশী নুরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার বিকেলে প্রতিপক্ষ শামসুল হকের ছেলে বাবুল মিয়া, বাদলসহ ৫জনকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত বাবুল মিয়াকে তার স্বজনরা প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাদিন রাতেই এ ঘটনায় গফরগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও তার সহযোগীরা পলাতক রয়েছে। নিহতের বড় ভাই ফারুক আহম্মেদ বলেন,জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার দিন হঠাৎ করে নুর ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ভাই,ভাতিজা ও আমার ছেলেকে গুরুতর জখম করে।
নিহতের মেয়ে ছনিয়া আক্তার পিতার হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, ওরা নৃশংস ভাবে আমার বাবাকে হত্যা করেছে।আইনের চোখে দোষীদের ফাঁসিতে ঝুলানো হউক।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়। পরে আহত একজন মারা গেলে আগের মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।