স্টাফ রির্পোটার দিগন্তবার্তা, ২২ মে রোববার।।
ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরীর বিভিন্ন ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র মহরা মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ২১ মে শনিবার বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সাথে স্থানীয় ইসলাইট গার্মেন্টস বাংলাদেশ কোম্পানী লিমিটেডের নামে একটি ফ্যাক্টরীর বিভিন্ন ব্যবসা নিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের মোবাইল ফোনে কথাকাটাকাটি হয়। এরই জের হিসেবে শনিবার বিকেলে কতিপয় যুবক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আনোয়ারের বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টিসহ দু’টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসময় হামলায় ভাড়াটিয়া হাসিনা আক্তার (৩৫) ও প্রতিবন্ধী হাবিবুর (২৮) আহত হন।
আনোয়ার হোসেন জানান, তার বাড়ির পাশে অবস্থিত ইসলাইট গার্মেন্টস বাংলাদেশ কোম্পানী লিমিটেডের বিভিন্ন ব্যবসা নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা হানিফ মোহাম্মদ নিপুনের সাথে মোবাইল ফোনে তার কথাকাটাকাটি হয়। পরে বিকেল স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ও হানিফ মোহাম্মদ নিপুনের নেতৃত্বে আলমগীর হোসেনসহ ১৫/২০ জনের একটি সশস্ত্রদল মোটরসাইকেল যোগে এলাকায় এসে আতঙ্ক সৃষ্টি করে আমাকে খোঁজতে থাকে। এসময় তারা আমার দুইজন ভাড়াটিয়াকে মারধর ও দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে সুযোগ পেলে হত্যা করা হবে বলে হুমকী দিয়ে চলে যায়।
তোফায়েল আহমেদ বাচ্চু ও হানিফ মোহাম্মদ নিপুনের মোবাইল ফোনে কথা হলে দলবল নিয়ে মহরার কথা স্বীকার করে বলেন, বাসা ও মোটারসাইকেলে হামলা বা ভাঙচুরের ঘটান ঘটেনি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অফিসার পাঠিয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।