মোঃ জাকির হোসেন,তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি, ২০ এপ্রিল।।
ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)। তাঁরা ওই এলাকার বাসিন্দা।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের রূপচন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উপজেলার তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের রাস্তার পাশেই তাদের বাড়ি। সন্ধ্যার পর রাস্তার বিপরীত পাশের প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন ওই নারী। এসময় একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।